সর্বশেষ খবর

10/recent/ticker-posts

৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিন জেলায় যাবেন তারেক রহমান।।BDNews.in


বিশেষ প্রতিনিধিঃ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারণার অংশ হিসাবে আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশের উত্তরাঞ্চলের ৩ জেলা সফর করবেন। জেলাগুলো হলো দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. জাহিদ হোসেন বলেন, এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি সফর সড়ক পথে নয়, তিনি হেলিকপ্টার যোগে দিনাজপুরসহ রংপুর বিভাগের ৩টি জেলায় নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন। তবে ৭ ফেব্রুয়ারি দিন নির্ধারিত হলেও এখনো সময় ঠিক হয়নি। এটা নির্ভর করবে নিরাপত্তা, আবহাওয়া ও তার নির্বাচনী সফরসূচি নির্ধারকদের ওপর।

তিনি বলেন, এদিন তারেক রহমান দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলায় দলের মনোনীত প্রার্থীদের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।

ডা. জাহিদ হোসেন বলেন, দিনাজপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সফল করতে জেলা বিএনপির নেতা-কর্মীদের সাথে বৈঠক করেছি। সেই সাথে আমরা প্রস্তুতি কার্যক্রম শুরু করে দিয়েছি।

তিনি জানান, ওই দিন তারেক রহমানের প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করার কথা রয়েছে।

এছাড়া, ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম তুহিনের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ